Showing posts with label সাইম রানা. Show all posts
Showing posts with label সাইম রানা. Show all posts

Friday, May 21, 2010

সামপ্রতিক বিবেচনা ও নজরুল সংগীত - সাইম রানা

বাংলাদেশে নজরুল জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পাওয়ার ফলে তাঁর প্রতি প্রাতিষ্ঠানিকভাবে ও সরকারি উদ্যোগে প্রতিবছর যত ধরনের উৎসবের আয়োজন করা হয়, তা একদিকে কবিকে মর্যাদা দান করে; অন্যদিকে সংস্কৃতিমান মানুষের চর্চার নতুন নতুন দুয়ার উন্মুক্ত করে_এ কথা নিঃসংকোচে বলা যায়। কবির সৃষ্টিকর্মকে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া বা তাদের আগ্রহী করে তুলতেও এই সব অনুষ্ঠান বেশ ভূমিকা রাখে।

উৎসবপ্রিয় বাঙালি জাতির অবশ্য এ ধরনের আয়োজনের শেষ নেই, কথায় আছে না_বারো মাসে তেরো পার্বণ। ধর্মীয় উৎসব, ফসল ও ঋতু উৎসব, ব্যক্তিজীবনের জন্ম-মৃত্যু উৎসব, কৃত্যানুষ্ঠান_আরো কত কী! এর মধ্য দিয়েই বাঙালি জাতি নিজেদের জীবন ও সংস্কৃতিকে তুলে ধরে এবং পরবর্তীকালের চলার ছন্দ খুঁজে নেয়। নজরুলের ক্ষেত্রেও এর কমতি হয়নি। বরং উদ্যোগের নানা পর্বে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠে নজরুলকে আরো জানা-বোঝার সুযোগ করে দিয়েছে। তেমনই কয়েকটি প্রতিষ্ঠান নজরুল একাডেমী, নজরুল ইনস্টিটিউট, সম্প্রতি কবি নজরুল বিশ্ববিদ্যালয় ইত্যাদি। এতে নজরুলকে নিয়ে নানা ধরনের গবেষণামূলক কাজ নজরে পড়েছে, যেমন_ছয়-সাত শর মতো স্বরলিপি প্রণয়ন করা হয়েছে, গ্রামোফোন রেকর্ড সংগ্রহ করে সিডিতে বাজারজাত করা হয়েছে, দুর্লভ পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে। এ ছাড়া গায়কি প্রশিক্ষণ, জাদুঘর নির্মাণ ও রাজধানীর মোড়ে মোড়ে স্মৃতিস্মারকসহ নানা উদ্যোগে নজরুল বেশ শক্ত-সমর্থ হয়ে জাতির সামনে অবস্থান নিয়েছেন।