Showing posts with label শান্তনু কায়সার. Show all posts
Showing posts with label শান্তনু কায়সার. Show all posts

Friday, May 21, 2010

নজরুল : একবিংশ শতাব্দীর বাংলাদেশে - শান্তনু কায়সার

সকলেই জানেন, ১৯৪২ থেকে নজরুলের অসুস্থতার নানা লক্ষণ দেখা দিতে দিতে শেষ পর্যন্ত তিনি মূক হয়ে যান। তারপর থেকে ১৯৭৬-এ মৃত্যুর আগে পর্যন্ত তিনি যেভাবে বেঁচেছিলেন তাকে ঠিক বেঁচে-থাকা একজন কবি ও বোধবুদ্ধিসম্পন্ন মানুষের বেঁচে থাকা বলে না। নজরুল কি কখনো নিজের ভবিষ্যত আন্দাজ করতে পেরেছিলেন? ১৩৪৩-এ ফরিদপুর জিলা মুসলিম ছাত্র-সম্মিলনে তিনি সভাপতির অভিভাষণ দিতে গিয়ে বলেছিলেন, ‘কতদিন মনে করেছি আমার জানাজা পড়া হয়ে গেছে। তাই যারা কোলাহল করে আমায় নিতে আসে মনে হয় তারা নিতে এসেছে আমায় গোরস্তানে – প্রাণের বুলবুলির স্থানে নয়। কতদিক থেকে কত আহ্বান আসে আজও। যত সাদর আহ্বান আসে তত নিজেকে ধিক্কার দিয়ে বলি – ওরে হতভাগা, তোর দাফনের আর দেরি কত? কতদিন আর ফাঁকি দিয়ে জয়ের মালা কুড়িয়ে বেড়াবি?’